নিজের বাড়িতেই বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দূর্গাপুর এলাকার চিতোর গ্রামে। মৃত ওই গৃহবধূর নাম মিনতি দাস বর্মন (২৬)। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, স্বামী সুবীর দাস সকালে ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যান। সেই সময় স্ত্রী মিনতি দাস বর্মণ দেখেন ঘরের লাইট জ্বলছে। তিনি লাইট নেভানোর জন্য সুইচ বোর্ডে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে পরেন। স্বামী মাঠ থেকে ফিরে এসে দেখেন সুইচ বোর্ডের সাথে স্ত্রী আটকে রয়েছেন। দ্রুত ইলেক্ট্রিক লাইনের মেইন সুইচ অফ করে দেন তিনি। মিনতিকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশের প্রাথমিক অনুমান টিনের তৈরি বাড়ি কোন কারনে শর্ট সার্কিট হয়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এই ঘটনায় রায়গঞ্জের দূর্গাপুর চিতর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।